দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) রাফিউল করিমকে বাসাইল থানায় বদলি করা হলেও তিনি এখনও নতুন কর্মস্থলে যোগ দেননি বলে জানা গেছে। এ নিয়ে তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বদলি স্থগিত করার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
গত ২০ এপ্রিল জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাকে বাসাইল থানায় বদলি করা হয় এবং ২৩ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, সদর থানায় দায়িত্ব পালনকালে এসআই রাফিউল করিম বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন। একটি মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি রায়হান আহমেদ লিজনকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়।
লিজনের অভিযোগ, তাকে না পেয়ে তার বাড়ি থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যদিও তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, এ ঘটনায় তার কাছে অর্থ দাবি করা হয়েছিল এবং অতীতেও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এসআই রাফিউল করিম। তিনি বলেন, বদলির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বদলি ও যোগদানের বিষয়টি পুলিশের অভ্যন্তরীণ বিষয়। অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রবিউল ইসলামও একই মন্তব্য করেন।
জে আই